সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে সালাহ উদ্দিন (৫৫) নামে এক নিখোঁজ ব্যক্তির লাশ ভেসে উঠেছে। বুধবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগড়া এলাকায় রহিছ মিয়ার বাড়ির কাছে নদীতে এই লাশ দেখতে পান স্থানীয়রা।
নিহত সালাহ উদ্দিন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৃত আলী আকবরের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচর গ্রামে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রমতে, সালাহ উদ্দিন সাবেক চেয়ারম্যান তারা মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন এবং তিনি নিজের গৃহপালিত পশুর পাশাপাশি তারা মিয়ার গরুও প্রতিদিন মাঠে নিয়ে যেতেন এবং সন্ধ্যায় ফিরে আসতেন। গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। বুধবার সকাল ৯টার দিকে যাদুকাটা নদীতে তার লাশ ভেসে ওঠে।
স্থানীয়দের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। তারা জানান, এর আগেও একইভাবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার মরদেহ যাদুকাটা নদীতে ভেসে উঠেছিল। বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তারা ঘটনাস্থলে আছেন এবং লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 























