লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী বাংলাদেশি শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া গত এপ্রিল মাসে বৈরুতে হামলায় নিহত নারী শ্রমিক দিপালী বেগমের মৃত্যুতেও গভীর সমবেদনা জানিয়েছে দলটি। মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোকবার্তা প্রদান করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে এভাবে নিরপরাধ বাংলাদেশি নাগরিকদের প্রাণ হারানো অত্যন্ত বেদনাদায়ক। যুদ্ধ ও সংঘাত কখনোই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনে না, বরং তা কেবল ধ্বংস ও মানবিক বিপর্যয় সৃষ্টি করে। লেবাননে বাংলাদেশি নাগরিকদের এই অকাল মৃত্যু সেই নির্মম বাস্তবতারই একটি উদাহরণ। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জামায়াত নেতা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবতার শত্রু দখলদার ইসরায়েলের এই বর্বরতা ও যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একইসঙ্গে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
রিপোর্টারের নাম 























