জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালোবাজারির উদ্দেশ্যে মজুত রাখা ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করেছে র্যাব-১৪। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত চাল ব্যবসায়ী সাজেল পালিয়ে যেতে সক্ষম হন। সাজেল উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর এলাকার ওসমান মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
অভিযানে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও উপস্থিত ছিলেন। জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকার সাজেলের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে খাদ্য অধিদপ্তরের ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল এবং খোলা অবস্থায় আরও ছয় বস্তা চাল জব্দ করা হয়, যার মোট পরিমাণ প্রায় ১ হাজার ৩৮০ কেজি। অভিযানের খবর পেয়ে গুদামে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে উদ্ধার করা চাল মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানিয়েছেন, অভিযুক্ত সাজেল বর্তমানে পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, র্যাব-১৪-এর অভিযানে উদ্ধার হওয়া সরকারি চাল থানায় রাখা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জামালপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের ৪০ বস্তা চাল, খোলা ছয় বস্তা চাল এবং সরকারি খালি বস্তা উদ্ধার করা হয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 
























