শ্রবণজনিত সমস্যা কেবল শোনার ক্ষমতাকেই প্রভাবিত করে না, বরং কথা বলা, ভাষা বোঝা, শেখা এবং সামাজিক যোগাযোগের ওপরও গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি ভাষা বিকাশে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। তবে সময়মতো সঠিক মূল্যায়ন এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির মাধ্যমে যোগাযোগ দক্ষতা উন্নত করা সম্ভব।
শ্রবণ সমস্যা হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি শব্দ শুনতে বা বুঝতে অসুবিধা অনুভব করেন। এটি সাময়িক বা স্থায়ী হতে পারে। উচ্চ শব্দে দীর্ঘক্ষণ থাকা, কানের সংক্রমণ, অতিরিক্ত ময়লা জমা, জন্মগত ত্রুটি, বয়সজনিত পরিবর্তন এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘ সময় ধরে উচ্চ শব্দে থাকলে কানের ভেতরের সংবেদনশীল অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
শ্রবণ সমস্যার লক্ষণগুলো বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে। যেমন, বারবার কথা পুনরাবৃত্তি করতে বলা, টিভির শব্দ অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া, ফোনে কথা বুঝতে কষ্ট হওয়া, কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া বা মানুষের কথা অস্পষ্ট শোনা। শিশুদের ক্ষেত্রে ডাকে সাড়া না দেওয়া, কথা বলতে দেরি হওয়া, শব্দের উৎসের দিকে না তাকানো এবং ভাষা বিকাশে পিছিয়ে পড়াও শ্রবণ সমস্যার লক্ষণ হতে পারে।
আমরা শুনেই ভাষা শিখি। তাই শুনতে সমস্যা হলে শব্দ শেখা, ভাষা বোঝা, সঠিক উচ্চারণ এবং কথা বলার দক্ষতা ব্যাহত হতে পারে। শিশুদের ক্ষেত্রে এটি ভাষা বিকাশে বিলম্ব ঘটায়। সমস্যার ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হয়; কারো ওষুধ, কারো হিয়ারিং এইড বা গুরুতর ক্ষেত্রে ককলিয়ার ইমপ্ল্যান্টের প্রয়োজন হতে পারে।
স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (SLT) ব্যক্তির যোগাযোগ দক্ষতা মূল্যায়ন করে এবং প্রয়োজন অনুযায়ী থেরাপি প্রদান করে। এর মাধ্যমে ভাষা বোঝা, কথা বলা, শব্দ চেনা এবং সার্বিক যোগাযোগ দক্ষতা উন্নত করা হয়। শ্রবণ সমস্যাযুক্ত শিশুরা অনেক সময় কথা বলতে দেরি করে এবং ভাষা শেখায় পিছিয়ে পড়ে। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি তাদের ভাষা বিকাশ ও যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিপোর্টারের নাম 

























