হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
মন্ত্রী জানান, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় গতি আসবে, যা আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যাত্রীচাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুটের সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনা করে বিমানের বহর বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনায় সক্ষমতা বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
আফরোজা খানম রিতা আরও বলেন, সরকার একটি মিক্সড ফ্লিটের কথা ভাবছে এবং চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এই খাতের ইতিবাচক দিকগুলো দেশ-বিদেশে তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনার কথা জানান।
রিপোর্টারের নাম 



















