সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২৫ জন এবং হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো। বর্তমানে হামে আক্রান্ত বা সন্দেহভাজন ২৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুরা হলো– সিলেট সদরের কাজলশাহ এলাকার ইকবালের ৭ মাস বয়সী মেয়ে ইকরা জান্নাত এবং কোম্পানীগঞ্জের লামা ডিস্কিবাড়ীর শাকিল আহমদের ১০ মাস বয়সী ছেলে মারওয়ান আহমদ।
বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন ২৮৯ জন রোগীর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালেই রয়েছেন ১২৩ জন। হামের বিস্তার রোধে ও আক্রান্তদের চিকিৎসায় স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























