মালদ্বীপে চরম মানবিক সংকটপূর্ণ ও কষ্টকর পরিস্থিতিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মী ইমাম হোসেনকে (২১) দেশে ফিরিয়ে আনতে সহায়তা করেছে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ইমাম হোসেনের হাতে একটি বিমান টিকিট হস্তান্তর করেন, যা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আরনার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল থেকে প্রদান করা হয়।
কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা ইমাম হোসেনের দুর্দশার কথা জানতে পেরে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং তাকে নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে। এ সময় মিশনের প্রথম সচিব জনাব মো. মোতাছেম বিল্যাহ এবং তৃতীয় সচিব জনাব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার। বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক দেশের সম্পদ এবং তাদের যেকোনো মানবিক সংকট, দুর্দশা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা, সহমর্মিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সরকারের দায়িত্ববোধ, আন্তরিকতা এবং মানবিক অঙ্গীকারের প্রতিফলন।” বাংলাদেশ হাইকমিশন বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 



















