দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লালসার শিকার হয়ে ১২ বছরের এক শিশু ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। প্রতিবেশী নূর ইসলাম নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের এই অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে প্রভাব খাটিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগী শিশুর কথিত বিয়ের নাটক সাজানোর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে নানির জন্য পান কিনতে দোকানে যাওয়ার পথে শিশুটিকে কৌশলে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে নূর ইসলাম। প্রাণনাশের হুমকি দিয়ে দীর্ঘ সময় ধরে এই নির্যাতন চালানো হয়। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি পরিবারের নজরে আসে। এক পর্যায়ে শিশুটি পুরো ঘটনা খুলে বলে। এরপর গত সপ্তাহে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে দেড় লাখ টাকা দেনমোহর ও দুই শতক জমির বিনিময়ে ওই বৃদ্ধের সঙ্গে শিশুটির বিয়ের আয়োজন করে।
বর্তমানে শিশুটি তার জীবনের নিরাপত্তা ও এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। পুলিশ ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত নূর ইসলাম তার পরিবারসহ আত্মগোপন করেন। স্থানীয় সচেতন নাগরিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























