হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা এবং রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ এবং রিট মোশন বেঞ্চের বিচারপতিদের দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা অনুসরণে, সংশ্লিষ্ট বেঞ্চগুলোর বিচারপতিরা পুরাতন মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায়, হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন এবং রিট মোশন মামলা পরিচালনাকারী বেঞ্চে উল্লেখযোগ্য সংখ্যক পুরাতন মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
আজ হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৩ হাজার ২৪৭টি পুরাতন ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। একইসঙ্গে রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরাতন রিট মামলা নিষ্পত্তি করা হয়। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলার দীর্ঘসূত্রতা হ্রাস এবং বিচারব্যবস্থার গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার পুরাতন ক্রিমিনাল মিস ও পুরাতন রিট মামলা নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 





















