স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘সত্যান্বেষী’ শীর্ষক এক বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটোরিয়ামে সকাল ১০টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের ৮৫ ও ৮৬তম ব্যাচের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন এবং ভারপ্রাপ্ত অ্যাডমিশন প্রধান আশিক মাহমুদ। বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এবারের নবীনবরণ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘মুখোশ’। আয়োজকদের মতে, সমাজে লুকিয়ে থাকা সত্যকে উন্মোচন করে তা জনসম্মুখে তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য—এই ভাবনা থেকেই প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা নিয়ে ‘আটক’ শিরোনামের একটি নাটক দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। পরবর্তী পর্যায়ে ব্যান্ড শো-এর পরিবেশনায় পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে ওঠে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
রিপোর্টারের নাম 

























