বগুড়ার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আম চুরির অপবাদে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষিকা গোল সাহানারাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষিকা চতুর্থ ও পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং পিঠে ‘আমি আম চোর’ লিখে স্কুল চত্বর ও শ্রেণিকক্ষে ঘোরানো হয়। এই অমানবিক কর্মকাণ্ডে স্কুলের অন্য শিক্ষকদের সহায়তার অভিযোগও রয়েছে।
এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিভাগীয় উপপরিচালকের স্বাক্ষরিত আদেশে ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























