দেশে শিশু-কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা এবং এসব মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশটি পাঠান।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এই নোটিশে বলা হয়েছে, বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক ও ইউটিউবের মতো মাধ্যমগুলোর ব্যবহার উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এসব ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার ও আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে, যা তাদের শৈশব কেড়ে নিচ্ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার, ভুয়া তথ্য এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোরদের মনন ও মেধার ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলছে। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, স্কুল-কলেজে যাওয়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে এবং খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। একইসঙ্গে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
অভিভাবকদের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না রাখায় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন বলে নোটিশে দাবি করা হয়েছে। এমতাবস্থায়, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত ও কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























