জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মো. সাগর নামে এক যুবক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ মে) বিকালে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক তাওহীদা আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম জামিনের আবেদন করে বলেন, মমতাজ একজন সাবেক সংসদ সদস্য, নারী এবং বাংলা ফোক সংগীত জগতের প্রখ্যাত শিল্পী। মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই মো. সাগর নিহত হন। এই ঘটনায় নিহতের মা বিউটি আক্তার গত ২৭ নভেম্বর মিরপুর থানায় শেখ হাসিনাসহ ২৪২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। মমতাজ বেগম এই মামলায় ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালেও সংসদ সদস্য ছিলেন, তবে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে তিনি পরাজিত হন।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাতে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
রিপোর্টারের নাম 























