আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ই-স্পোর্টস জগতের সবচেয়ে বড় আসর ‘ই-স্পোর্টস নেশনস কাপ’-এ প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে বাংলাদেশ। ২২০ কোটি টাকারও বেশি প্রাইজপুলের এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন।
রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের ১৫০টি দেশের গেমাররা এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নেবে। বাংলাদেশ থেকে ১৫টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে মোট ৫০ জন দক্ষ গেমার দেশের প্রতিনিধিত্ব করবেন। সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমারের মধ্য থেকে কঠোর ট্রায়াল এবং কয়েক ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই চূড়ান্ত জাতীয় দলটি গঠন করা হয়েছে। মূল পর্বে অংশগ্রহণের আগে বাংলাদেশকে এশিয়ার অন্যান্য দেশের সাথে বাছাই পর্বে লড়তে হবে।
বাংলাদেশি গেমারদের প্রস্তুতির বিষয়ে দলের কোচরা জানিয়েছেন, গেমপ্লে কৌশলের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য খেলোয়াড়দের বিশেষ মানসিক ও কৌশলগত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাছাই পর্বে লিডারবোর্ডের শীর্ষ পর্যায়ে থেকে মূল আসরে জায়গা করে নিতে বাংলাদেশের গেমাররা বর্তমানে নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে সময় পার করছেন।
রিপোর্টারের নাম 

























