২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল নিয়ে এরই মধ্যে নানা ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি তাদের শিরোপা ধরে রাখতে পারবে, নাকি অন্য কোনো দল তা ছিনিয়ে নেবে—এ নিয়ে চলছে আলোচনা। তবে স্পেশাল ওয়ান খ্যাত কোচ হোসে মরিনহোর বাজি নিজ দেশ পর্তুগাল। এক সাক্ষাৎকারে তিনি পর্তুগালের বিশ্বকাপ জয়ের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
মরিনহো বলেছেন, ‘পর্তুগাল সবকিছু করতে সক্ষম। তাদের বর্তমান প্রজন্ম অসাধারণ। আমরা উয়েফা ইউরো জিতেছিলাম, কিন্তু এই দলটি টেকনিক্যালি সেই দলের চেয়েও শক্তিশালী। অবশ্যই ব্রাজিল আছে, যাদের কোচ কার্লো আনচেলত্তি, আর আর্জেন্টিনাও শক্তিশালী দল। তবে পর্তুগালেরও বিশ্বকাপ জয়ের সামর্থ্য রয়েছে।’
বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগালকে অন্যতম ভারসাম্যপূর্ণ ও প্রতিভাবান দল হিসেবে দেখা হচ্ছে। মিডফিল্ড ও আক্রমণভাগে রয়েছেন ভিতিনহা, ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা এবং রাফায়েল লিয়াওয়ের মতো তারকারা। তাদের সঙ্গে আছেন দলের সবচেয়ে বড় ভরসা ক্রিস্টিয়ানো রোনালদো—যার এটি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে।
বিশ্বকাপে গ্রুপ পর্বেও পর্তুগাল তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা প্রথম ম্যাচ খেলবে কঙ্গোর বিপক্ষে। এরপর মুখোমুখি হবে উজবেকিস্তানের, যারা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ কলম্বিয়া; যা গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এছাড়া স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেজের অধীনে পর্তুগাল দুর্দান্ত ধারাবাহিকতা দেখাচ্ছে। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র একবার হেরেছে তারা, যা ছিল বিশ্বকাপ বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের হার।
সর্বশেষ কাতার বিশ্বকাপে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয়। এবার কী করবে, তা সময়ই বলে দেবে।
রিপোর্টারের নাম 



















