ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, ২৯৪ আসনের মধ্যে বিজেপি ১৯৪ আসনে এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে আছে। এই ফলাফলে তৃণমূল কংগ্রেস বড় পরাজয়ের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য যেখানে ১৪৮ আসন প্রয়োজন, সেখানে বিজেপির এই অগ্রগতি তাদের সরকার গঠনের সম্ভাবনাকে জোরালো করছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে এবং বিজেপিই রাজ্যে সরকার গঠন করবে। এই বিজয়ের আবহে রাজ্য বিজেপির নেতা-কর্মীরা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন। একই সাথে, বিজেপি সরকার গঠন করলে কে মুখ্যমন্ত্রী হবেন, এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
নির্বাচনের পূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার আশ্বাস দিয়েছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বাঙালিই হবেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর সূত্রমতে, বিজেপির মুখ্যমন্ত্রী পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এবং সাবেক সাংবাদিক ও রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন দাশগুপ্ত প্রমুখ।
রিপোর্টারের নাম 



















