সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলের অদূরে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার ফুজাইরাহ শহর থেকে প্রায় ৭৮ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি আক্রান্ত হয়। তবে এই হামলায় জাহাজের নাবিকরা অক্ষত ও নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
এই ঘটনার পর ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হামলার কারণ ও উৎস জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার খবর এল। উদ্ভূত পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই রুটে চলাচলকারী জাহাজগুলোর সুরক্ষায় তারা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান এবং চালকবিহীন ড্রোন মোতায়েন করছে। এছাড়া প্রায় ১৫ হাজার সেনাসদস্য এই নিরাপত্তা অভিযানে অংশ নেবে। সামুদ্রিক তথ্য অনুযায়ী, বর্তমানে ওই অঞ্চলে কয়েকশ বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে, যাদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
রিপোর্টারের নাম 





















