ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৩.৩ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, হঠাৎ শুরু হওয়া এই কম্পন বেশ শক্তিশালী ছিল। ভূকম্পন চলাকালীন বিভিন্ন ভবনের আসবাবপত্র নড়ে ওঠে এবং কোনো কোনো স্থাপনায় ফাটল দেখা দেয়। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত অক্টোবর মাসেও দেশটির বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং ব্যাপক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
রিপোর্টারের নাম 





















