নেতৃত্বে থাকাকালীন কোনো ভুল পথে পরিচালিত হলে বাংলাদেশের সাধারণ মানুষ তা কখনোই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, অতীতে অনেক রাজনৈতিক নেতা ভুল করেছেন, কিন্তু দেশের জনগণ কখনো ভুল করেনি। যখনই নেতৃত্ব গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছে, তখনই এ দেশের মানুষ জীবন দিয়ে তা সংশোধন করে দিয়েছে।
শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লব আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন পথ দেখিয়েছে। জনগণের এই প্রতিবাদী চেতনাকে সম্মান জানিয়ে আমাদের সঠিক ও গণতান্ত্রিক পথে অবিচল থাকতে হবে।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আজকের এই নতুন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে। তাদের অর্জনের ওপর দাঁড়িয়েই দেশ আজ পুনর্গঠনের স্বপ্ন দেখছে। তাই নেতৃত্বের প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন থাকা জরুরি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























