গণভোটে প্রাপ্ত জনগণের রায়কে অবজ্ঞা করে সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের ফলাফলকে অস্বীকার করা মূলত একটি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
খুলনা প্রেসক্লাবে শনিবার দুপুরে আয়োজিত এক বিশেষ সেমিনারে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলম এবং সভাপতিত্ব করেন মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের মন্ত্রীরা কৌশলগত কারণে গণভোটের রায়ের বিষয়ে কোনো কথা বলছেন না। তারা জানেন যে, জনগণের এই সরাসরি রায় বাস্তবায়ন করলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল হবে না। তিনি সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ম্যান্ডেট অগ্রাহ্য করে অতীতে কোনো সরকার টিকতে পারেনি।
তিনি আরও উল্লেখ করেন, সংবিধান সংস্কারের লক্ষে উত্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে অনেক বিষয়ে জাতীয় ঐকমত্য থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার একতরফা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। দীর্ঘ সময় হাতে থাকা সত্ত্বেও কেন আগে আপত্তি তোলা হয়নি, সেই প্রশ্ন তুলে তিনি সরকারের বর্তমান অবস্থানকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।
রিপোর্টারের নাম 























