বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে দেশকে একটি গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, জুলাই সনদের দোহাই দিয়ে গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করা কেবল একটি রাজনৈতিক চাল নয়, বরং এটি সরাসরি জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নেওয়া।
শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে জুলাই সনদ এবং গণভোটের রায়কে আলাদা করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি দাবি করেন, সরকারের মন্ত্রীরা সংসদে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায়ের বিষয়ে রহস্যজনকভাবে নীরব থাকছেন। তার মতে, গণভোটের রায় মেনে নিলে সরকারের বর্তমান রাজনৈতিক সমীকরণ ও স্বার্থ বিঘ্নিত হবে বলেই তারা এটি এড়িয়ে চলছে।
জামায়াত নেতা আরও প্রশ্ন তোলেন যে, গণভোটের পূর্ববর্তী দীর্ঘ চার মাস সময়ে সরকার কেন কোনো আইনি বা সাংবিধানিক আপত্তি তোলেনি। তিনি নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে বলেন, ১৭ অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারিতে ভোট হওয়া পর্যন্ত কেউ একে অসাংবিধানিক বলেনি। অথচ এখন ক্ষমতায় এসে পুরো প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করা হচ্ছে, যা চরম দ্বিচারিতার পরিচয় দেয়।
রিপোর্টারের নাম 























