গুগল ট্রান্সলেটের ২০ বছর পূর্তি উপলক্ষে ব্যবহারকারীদের জন্য এক বৈপ্লবিক আপডেট নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল। এখন থেকে এই প্ল্যাটফর্মটি কেবল শব্দের অর্থ বা বাক্য অনুবাদই করবে না, বরং বিদেশি ভাষা নির্ভুলভাবে বলতেও সরাসরি সাহায্য করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের উচ্চারণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ফিডব্যাক পাবেন।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ‘প্রোনানসিয়েশন প্র্যাকটিস’ ফিচারটি যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারের জন্য গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য লেখার পর নিচে থাকা ‘প্র্যাকটিস’ বাটনে ট্যাপ করতে হবে। প্রথমে সঠিক উচ্চারণটি শুনে নিয়ে এরপর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারীকে তা উচ্চারণ করতে হবে। গুগলের এআই সিস্টেম সেই কণ্ঠস্বর বিশ্লেষণ করে বলে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে এবং কোথায় উন্নতির প্রয়োজন।
বর্তমানে এই সুবিধাটি কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসে পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও ভারতের ব্যবহারকারীরা ইংরেজি, হিন্দি ও স্প্যানিশ ভাষায় এই অনুশীলনের সুযোগ পাচ্ছেন। ২০০৬ সালে যাত্রা শুরু করা গুগল ট্রান্সলেট বর্তমানে প্রায় ২৫০টি ভাষা সমর্থন করে এবং প্রতি মাসে ১০০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেন। নতুন এই ফিচারটি গুগল ট্রান্সলেটকে একটি পূর্ণাঙ্গ ভাষা শেখার শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























