ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের কাছে ৮.৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। এমন সময়ে এই ঘোষণা এলো, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার ৯ সপ্তাহ এবং পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদনও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া, কুয়েতের কাছে ২.৫ বিলিয়ন ডলার মূল্যের একটি ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম এবং ইসরাইলের কাছে ৯৯২.৪ মিলিয়ন ডলার মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম বিক্রির অনুমোদনও দেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তর সংযুক্ত আরব আমিরাতের কাছে ১৪৭.৬ মিলিয়ন ডলার মূল্যের এপিকেডব্লিউএ বিক্রির অনুমোদন দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করে, যার ফলে তেহরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। গত ৮ এপ্রিল থেকে যুদ্ধ স্থগিত রয়েছে।
রিপোর্টারের নাম 

























