আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শুক্রবার এক ফেসবুক বার্তায় তিনি শ্রমিকদের অধিকার নিয়ে নিজের গভীর উদ্বেগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, আট ঘণ্টা শ্রমের দাবিতে সেদিন যারা রক্ত দিয়েছিলেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজ বিশ্বব্যাপী মে দিবস পালিত হচ্ছে। তবে বাংলাদেশে এই দিবসটি পালনের ধরণ নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে মে দিবস কেবল ব্যানার, ফেস্টুন আর আনুষ্ঠানিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। সাধারণ শ্রমজীবী মানুষের ভাগ্যের প্রকৃত উন্নয়ন এখনো অধরা।
বিবৃতিতে তিনি বিগত সরকারের কঠোর সমালোচনা করে অভিযোগ করেন, গত কয়েক বছরে ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর নজিরবিহীন দমন-পীড়ন চালানো হয়েছে। শ্রমিক নেতাদের হয়রানি ও রানা প্লাজা ট্র্যাজিডির বিচার না হওয়াকে তিনি বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন। জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন শ্রমিকরা দেখেছিলেন, তা বাস্তবায়নে এখনো ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র বিনির্মাণই তার দলের মূল লক্ষ্য বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 
















