আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শ্রমিকরা। শিল্প, কৃষি ও নির্মাণসহ প্রতিটি খাতে তাদের নিরলস অবদান অনস্বীকার্য। একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র গঠনে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি জানান, নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিতকরণ এবং প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষায় সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর মতো সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে। উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে আট ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে জীবন উৎসর্গকারী শ্রমিকদের আত্মত্যাগের ইতিহাস স্মরণ করেই বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস।
রিপোর্টারের নাম 












