কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী থেকে পিতা-পুত্রসহ সাতজন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহৃত জেলেরা হলেন— শাহপরীর দ্বীপের ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ এবং তার দুই ছেলে নুরুল আবছার ও আব্দুর রহিম। এছাড়া সাবরাং ইউনিয়নের আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ, গুরা মিয়া ও আব্দুল মোতালেবকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, সকালে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা নদীতে মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা দুটি নৌকাসহ তাদের জিম্মি করে নিয়ে যায়।
এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলেদের বন্দি হওয়ার খবর তিনি শুনেছেন। অপহৃতদের উদ্ধার ও ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেছেন।
রিপোর্টারের নাম 




















