রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. সুমন মোল্লা ওরফে চাঁদাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে এই অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সরোয়ার মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। দলীয় সূত্র জানায়, ভাইরাল হওয়া ওই অডিওর কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সরোয়ার মোল্লা জানান, সুমন মোল্লা নিজেই মাদক ব্যবসার কথা স্বীকার করায় তাকে দলে রাখার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপের জন্য জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ঢাকা বার কাউন্সিলের এক আইনজীবীর সঙ্গে সুমন মোল্লার একটি ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে বিয়ার ও ইয়াবার কারবারসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে আলাপচারিতা শোনা যায়। তবে অভিযুক্ত সুমন মোল্লার দাবি, তিনি উত্তেজনার বশে ওই কথাগুলো বলেছিলেন এবং তিনি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নন।
রিপোর্টারের নাম 

























