যশোর সফরকালে রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানানো সেই মা ও তার শিশু সন্তানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৭ এপ্রিল যশোরে তার গাড়ি বহর যাওয়ার সময় নিলিমা নামের এক নারী তার কোলের শিশুকে নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি নজরে আসতেই তারেক রহমান গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সেই ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী নিলিমার বাসায় পৌঁছে দিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যশোরে নিলিমার বাসভবনে গিয়ে উপহার হস্তান্তর করেন।
উপহার হস্তান্তরের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই সৌজন্যমূলক আচরণ ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিলিমা ও তার পরিবার। মূলত সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ থেকেই নেতার এই বিশেষ উদ্যোগ বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























