চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সীমান্ত সংকট মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করছে সে দেশের সাধারণ মানুষ। বিশেষ করে ইরান ও লেবানন ফ্রন্টে সরকারের নিয়ন্ত্রণহীনতা নিয়ে ইসরায়েলিদের মধ্যে চরম হতাশা ও ‘প্রতারিত’ হওয়ার অনুভূতি তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমান সরকার ইরান পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর শৃঙ্খলাভঙ্গ, লুটতরাজ এবং ঘরবাড়ি ধ্বংসের মতো ঘটনা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। যদিও রাজনৈতিক নেতৃত্বের চেয়ে সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থা কিছুটা বেশি, তবে উত্তর সীমান্তের দীর্ঘমেয়াদি সংকট সমাধানে রাজনীতিবিদদের কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকায় ক্ষোভ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করার মতো কোনো বাস্তবসম্মত পথ সরকারের জানা নেই। এই রাজনৈতিক দিশাহীনতা এবং যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা ইসরায়েলের অভ্যন্তরে নেতানিয়াহু বিরোধী মনোভাবকে আরও উসকে দিচ্ছে।
রিপোর্টারের নাম 
























