ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও শীর্ষ নেতাদের ঢল নেমেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠানে শতাধিক দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। এছাড়া, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার প্রেসিডেন্ট মিখেইল কাভেলাশভিলিও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন।
বিভিন্ন দেশ রাষ্ট্রপ্রধানের পরিবর্তে উচ্চপর্যায়ের প্রতিনিধিও পাঠিয়েছে। তুরস্কের হয়ে অংশ নিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ। ভারতের প্রতিনিধি দলে রয়েছেন উপ-পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা ও বিহারের গভর্নর সৈয়দ আতা হাসনাইন। পাশাপাশি সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং বিরোধী রাজনীতিক মেহবুবা মুফতিও তেহরানে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
চীনের পক্ষ থেকে জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েই, রাশিয়ার প্রতিনিধি হিসেবে দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ উপস্থিত থাকবেন। আফগানিস্তানের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইতোমধ্যে তেহরানে পৌঁছেছেন এবং রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন।
রিপোর্টারের নাম 






















