ইরানি হামলার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ রাখার পর সৌদি আরবের গুরুত্বপূর্ণ সাটর্প তেল শোধনাগারটি পুনরায় চালু করা হয়েছে। ফরাসি জ্বালানি জায়ান্ট টোটালএনার্জিস বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত ৮ এপ্রিল হামলার ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই শোধনাগারটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
বিবৃতিতে জানানো হয়, গত ১৪ এপ্রিল থেকে শোধনাগারটিতে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এটি দৈনিক ২ লাখ ৩০ হাজার ব্যারেল তেল শোধন করার সক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে। হামলার সময় শোধনাগারের তিনটি ইউনিট আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বাকি অংশগুলো নিরাপদ থাকায় দ্রুত উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই শোধনাগারটি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো এবং ফ্রান্সের টোটালএনার্জিসের যৌথ মালিকানাধীন একটি প্রকল্প। এতে আরামকোর অংশীদারিত্ব ৬২.৫ শতাংশ এবং টোটালএনার্জিসের ৩৭.৫ শতাংশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই এই গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
রিপোর্টারের নাম 

























