ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই ভবানীপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। তবে ভোট শুরুর পরপরই রাজ্যের একাধিক এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার খবর পাওয়া গেছে। বিশেষ করে চাঁপড়া, শান্তিপুর এবং ভাঙড় এলাকায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এন্টালি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে ভোটকর্মীদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অন্যদিকে, নদিয়ার চাঁপড়ায় এক বিজেপি এজেন্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই কর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি এই হামলার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে দায়ী করলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচন কমিশন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও প্রভাব খাটানোর পাল্টাপাল্টি অভিযোগ আসছে। হাইভোল্টেজ এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। সহিংসতার খবর আসার পর স্পর্শকাতর কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























