প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনের নামে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ উঠেছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিরুদ্ধে। চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসার দেয়ালে অঙ্কিত এসব চিত্র মুছে ফেলায় স্থানীয় ছাত্র-জনতা ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে দেয়ালচিত্রগুলো সাদা রং দিয়ে মুছে ফেলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রশক্তির নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তারা তাৎক্ষণিকভাবে একই স্থানে ‘জান দেবো, জুলাই দেব না’ স্লোগান লিখে নিজেদের অবস্থান জানান দেন। আন্দোলনের স্মৃতিচিহ্ন মুছে ফেলাকে ইতিহাসের ওপর আঘাত হিসেবে দেখছেন বিক্ষোভকারীরা।
জাতীয় ছাত্রশক্তি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যে আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান সরকার গঠিত হয়েছে, সেই স্মৃতি মুছে ফেলা কোনোভাবেই কাম্য নয়। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন করার দাবি জানিয়েছেন। অন্যথায় সাধারণ ছাত্র-জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 

























