শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বক্তব্য সম্পাদনা (এডিট) করে মিথ্যা প্রচারণার মাধ্যমে গুজব ছড়ানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে কচুয়া উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে কচুয়া বিশ্বরোডস্থ তৃপ্তি মিনি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন লিখিত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গঠনের ৩১দফার আলোকে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাব্যবস্থা এগিয়ে নিতে ড. আ ন ম এহছানুল হক মিলন দেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার একটি পুরোনো বক্তব্য ‘নামাজ, রোজা, হজ্জ, যাকাত ছাড়া বেহেস্তে যাওয়া যাবে না’— এই অংশটিকে এডিট করে ‘বাংলার রাজনীতি’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যখন শিক্ষামন্ত্রী দেশ-বিদেশে শিক্ষাক্ষেত্রে সুনাম কুড়াচ্ছেন, তখন একটি মহল তাকে হেয় করার জন্য এই অপপ্রচারে লিপ্ত হয়েছে।
বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত ফেসবুক আইডির বিরুদ্ধে কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 


















