ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে গাবতলী এলাকায় নির্মাণাধীন পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি প্রকল্পের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে জানান, জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুর দিকেই পরিচ্ছন্নতা কর্মীদের হাতে নতুন ফ্ল্যাটের চাবি তুলে দেওয়া সম্ভব হবে।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে প্রশাসক জানান, ১৫ তলা বিশিষ্ট চারটি আধুনিক ভবনে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। ৫৬০ বর্গফুট আয়তনের প্রতিটি ফ্ল্যাটে উন্নত জীবনযাত্রার সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ছয়টি লিফট, শিশুদের জন্য বিদ্যালয়, মসজিদ, সবুজায়ন ও প্রশস্ত রাস্তা এই আবাসন প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য।
আবাসন প্রকল্পের পাশাপাশি প্রশাসক গাবতলী বাস টার্মিনাল এলাকার যানজট নিরসনে নবনির্মিত বাইপাস সড়কের কাজও পরিদর্শন করেন। তিনি স্পষ্ট জানান, শহরের ভেতরে যানজট কমাতে আন্তঃজেলা বাসগুলোকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং অবৈধ টিকেট কাউন্টারগুলোর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটের ইজারা প্রক্রিয়ায় জনভোগান্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 






















