দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করতে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি নিশ্চিত করতে চেকপোস্ট স্থাপন এবং পুলিশের নিয়মিত টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, আধুনিক প্রযুক্তি ও উন্নত স্ক্যানিং মেশিন ব্যবহারের মাধ্যমে নিষিদ্ধ বস্তুর প্রবেশ কঠোরভাবে রোধ করা হচ্ছে। এছাড়া চুরি ও ছিনতাই প্রতিরোধে পুরো বিমানবন্দর এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইমিগ্রেশন সেবা দ্রুত করতে কাউন্টার সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীদের সহায়তার জন্য সার্বক্ষণিক হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নিরাপত্তা কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর ব্যাগেজ সিস্টেম এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যাত্রীদের হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 



















