মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা বিশ্ব অর্থনীতির ওপর বিশাল চাপ তৈরি করছে। সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, এই সংকটের কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বাড়তি আর্থিক বোঝা তৈরি হতে পারে। অথচ এই চরম সংকটের সময়েও বিশ্বের বড় বড় তেল ও গ্যাস কোম্পানিগুলো বিপুল মুনাফা অর্জন করে চলেছে।
আন্তর্জাতিক জলবায়ু সংগঠন ‘৩৫০ ডট ওআরজি’ আইএমএফ-এর তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, হরমুজ প্রণালী যদি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তবুও উচ্চমূল্যের কারণে বিশ্বকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় করতে হবে। আর যদি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হয়, তবে ক্ষতির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই হিসাবে মুদ্রাস্ফীতি, খাদ্য ও সারের দাম বৃদ্ধি এবং বেকারত্বের মতো বিষয়গুলো যুক্ত করলে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে।
সংকটময় এই পরিস্থিতিতে বড় জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে। যেমন, জ্বালানি জায়ান্ট বিপি (BP) জানিয়েছে বছরের প্রথম প্রান্তিকে তাদের মুনাফা দ্বিগুণেরও বেশি হয়েছে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা অতিরিক্ত মুনাফার ওপর জরুরি ভিত্তিতে ‘উইন্ডফল ট্যাক্স’ বা বিশেষ কর আরোপের দাবি জানিয়েছেন। সংগৃহীত এই অর্থ সামাজিক সুরক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























