গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিক উঠে আসে।
সাক্ষাৎকালে গণপূর্তমন্ত্রী বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ, ওষুধ শিল্প এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে তুরস্কের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আরও উল্লেখ করেন, ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সহায়ক।
তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন দুই দেশের মধ্যকার শক্তিশালী বাণিজ্যিক ও অংশীদারিত্বমূলক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বৈঠক শেষে তিনি আগামী জুন মাসে তুরস্কে অনুষ্ঠিতব্য ‘তুরস্ক কনস্ট্রাকশন সামিট ২০২৬’-এ অংশগ্রহণের জন্য মন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
রিপোর্টারের নাম 






















