খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে হামলা ও সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাবুল গাজী (৫৬) এবং মো. সবুজ (৪১)।
মামলার তদন্ত কর্মকর্তা, খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু জানান, এজাহারনামীয় চারজন আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তারকৃত দুজন অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিল। ঘটনার পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে তাদের উপস্থিতি স্পষ্ট ছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং পেশাগতভাবে দর্জির কাজ করেন।
উল্লেখ্য, গত রবিবার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলাকালীন একদল দুর্বৃত্ত ক্লাবের ভেতরে প্রবেশ করে সভাপতি প্রার্থী মোস্তফা সরোয়ারকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও খোঁজাখুঁজি করে। এসময় দৈনিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম প্রতিবাদ জানালে তাকেও হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল এবং সোর্সের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা কোনো তথ্য দেয়নি এবং তাদের কারাগারে পাঠানো হবে।
রিপোর্টারের নাম 



















