পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত আফ্রিদি সংগঠনটির প্রধান হাফিজ সাঈদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
তদন্তকারীরা ঘটনাটিকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করছেন। আফ্রিদি ওই অঞ্চলে সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের ওপর এমন বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। গত মাসেই লাহোরে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজার ওপরও হামলার চেষ্টা চালানো হয়েছিল।
এর আগে গত বছরের মার্চে লস্কর-ই-তৈয়বার শীর্ষ সদস্য আবু কাতাল ওরফে কাতাল সিন্ধি একইভাবে নিহত হন। তিনি মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে অভিযোগ রয়েছে। একের পর এক শীর্ষ নেতার মৃত্যুতে পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর মধ্যে অস্থিরতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























