বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় স্থানীয় মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই অচলাবস্থার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা গৌরনদী উপজেলার আশোকাঠীতে মডেল মসজিদ নির্মাণস্থলের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, মডেল মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়, এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই মহৎ প্রকল্পটি হাতে নিয়েছে। কিন্তু নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা সরকারের প্রতি দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করার আহ্বান জানান। তারা আরও বলেন, যেখানে সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা-সম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে, সেখানে গৌরনদীতে এই প্রকল্পের কাজ বন্ধ থাকা হতাশাজনক। অবিলম্বে নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা। এ সময় সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, সাবেক ছাত্রদল নেতা এনামুল হক, আবু সাঈদ ও নুর আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র হস্তক্ষেপ কামনা করেন যাতে দ্রুত সময়ের মধ্যে সরকারের অধিগ্রহণকৃত স্থানে মডেল মসজিদ নির্মাণকাজ পুনরায় শুরু হয়।
রিপোর্টারের নাম 
























