প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন যে, কিছু রাজনৈতিক দল গণভোটের রায়কে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ‘জুলাই সনদ’-কে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, যতদিন দায়িত্বে থাকবেন, জনগণের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে এবং তাদের প্রতিটি কর্মসূচি মানুষের জন্যই নিবেদিত থাকবে।
খাল খনন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে শহীদ জিয়ার রেখে যাওয়া খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী পাঁচ বছরে তারা সারাদেশে উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের চেষ্টা করবেন।
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দেশে প্রায় ২০ কোটি জনসংখ্যার অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করে দিয়ে গেছেন, প্রথমে স্কুল পর্যায়ে এবং পরে ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত। তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে তারা মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যায় পর্যন্ত, অর্থাৎ উচ্চতর শিক্ষা পর্যন্ত, বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে, যাতে তারা উচ্চতর শিক্ষা লাভে আরও উৎসাহিত হতে পারে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।
রিপোর্টারের নাম 





















