অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ১৭ হাজার মানুষ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন। মূলত ইঁদুর ও ছারপোকা থেকে ছড়ানো এই সংক্রমণগুলো ছড়িয়ে পড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী আশ্রয় শিবিরগুলোতে।
দীর্ঘদিনের অবরোধ ও হামলায় গাজার স্যানিটেশন ব্যবস্থা এবং সুপেয় পানির উৎসগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ফিলিস্তিনিরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন। ডব্লিউএইচওর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার স্বাস্থ্য খাতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪০ কোটি ডলারে। প্রায় ১৮০০ হাসপাতাল ও ক্লিনিক হয় সম্পূর্ণ ধ্বংস হয়েছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে রণক্ষেত্রেও থামছে না রক্তপাত। সাম্প্রতিক হামলায় গাজা সিটি ও খান ইউনুসসহ বিভিন্ন এলাকায় শিশু ও নারীসহ আরও অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই বছরের বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা পৌনে দুই লাখের কাছাকাছি পৌঁছেছে।
রিপোর্টারের নাম 























