ভবিষ্যৎ প্রজন্মকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে তাদের জন্য উপযুক্ত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে ওঠে এবং দেশের সম্পদে পরিণত হতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। বিশেষ করে বর্তমান সরকারের নির্দেশনায় নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সফল করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।
রোববার বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চলমান এসএসসি পরীক্ষা কতটুকু সুশৃঙ্খলভাবে হচ্ছে এবং শিক্ষার্থীদের প্রস্তুতি কেমন, তা সরেজমিনে দেখার জন্য তিনি এই পরিদর্শনে আসেন।
ইংরেজি পরীক্ষার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সাধারণত ইংরেজি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে। তাই তারা কোনো ধরনের ভীতি বা ইতস্তত বোধ করছে কিনা, তা জানতে আমি পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। শিক্ষার্থীরা পরীক্ষার পরিবেশ এবং প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। পরিদর্শনের সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিনসহ কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























