গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করার মানসিকতা নিয়ে সরকার দেশের মানুষের স্বার্থে যেকোনো পরামর্শ গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি গণমাধ্যমে প্রকাশিত নেতিবাচক সংবাদকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন এবং রাজনীতির গতিবিধি নিয়ে বিশ্লেষকদের মতামতকে কর্মপন্থা নির্ধারণে কাজে লাগাচ্ছেন। এমনকি সংসদ অধিবেশনেও প্রধানমন্ত্রী পত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ মন্ত্রীদের নজরে এনে প্রতিকারের নির্দেশনা দেন বলে জানা গেছে।
গত বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের মানুষের স্বার্থে বিএনপি যেকোনো পরামর্শ গ্রহণ করবে। এই ঘোষণার পরদিনই বৃহস্পতিবার তা বাস্তবায়ন করেছেন তিনি। দেশের চলমান জ্বালানি সংকট সমাধানের সুপারিশ করতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে ১০ সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সভাপতি করে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সরকারি দলের পাঁচ সদস্যের নাম ঘোষণা করে বিরোধী দল থেকেও সমানসংখ্যক নাম আহ্বান করা হয়। মূলত এমন সমন্বিত কমিটি গঠন করে জ্বালানি নিয়ে জাতীয় সংকট মোকাবিলার প্রস্তাব করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার প্রস্তাব সাদরে গ্রহণ করেন সংসদ নেতা।
সংসদ নেতার আহ্বানের পরপরই বিরোধীদলীয় নেতাকে ফ্লোর দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা আশা করি, এ সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ এবং আমরা মনে করি, এ সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শিগগির নাম দেব।’ একই দিন ঘণ্টাখানেক পর ডা. শফিকুর রহমান বিরোধী দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেন, যা জাতীয় সংসদের ইতিহাসে একটি বিরল ঘটনা। বিরোধীদলীয় নেতার এই উদার মনোভাবের প্রশংসা করা হয় স্পিকার চেয়ার ও ট্রেজারি বেঞ্চ থেকে।
রিপোর্টারের নাম 





















