বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল অভিযোগ করেছেন যে, কেউ তার লন্ডনে পালিয়ে থাকার ইতিহাস ঢাকতে অন্যদের গুপ্ত ট্যাগ ব্যবহার করছেন। শনিবার বিকেলে বরিশাল নগরীর টাউনহল প্রাঙ্গণে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
হেলাল বলেন, জনগণকে বোকা ভাবার সুযোগ নেই, তারা সবকিছু বুঝে গেছে। তিনি আরও অভিযোগ করেন যে, মাত্র দুই মাসের মধ্যে বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্র জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে একমত হয়ে ক্ষমতায় আসার পর সরকার প্রতারণার পথ বেছে নিয়েছে এবং আইন-আদালতকে কুক্ষিগত করে জুলুমকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তিনি সরকারকে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দুই মাস না যেতেই সরকার জাতিকে হতাশ করেছে এবং পুরনো ফ্যাসিবাদী আমলের আইন পুনর্বহাল করা হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, ক্যাম্পাস দখলের রাজনীতি শুরু হয়েছে এবং থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। তিনি হুঁশিয়ারি দেন যে, ছাত্রশিবিরকে লক্ষ্য করে হামলা হলে ছাত্রসমাজ প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ, আবু সাঈদ মুসা, রফিকুল ইসলাম কনক, এসএম সোহেল মাহমুদ, সুমন তালুকদারসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন।
রিপোর্টারের নাম 























