জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি। তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারলে দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে। তিনি আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলোকে পতিত ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
শনিবার জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনের সাত সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়, যার পূর্ণাঙ্গ তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে। সভায় জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কেবল দলীয় স্বার্থে নয়, বরং যেকোনো জাতীয় সংকট ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করবে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ জানান, তারা জুলাইয়ের চেতনা এবং শহীদদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। বৈশ্বিক যুব রাজনীতির নতুন ধারার সাথে তাল মিলিয়ে যুবশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং জনরায় উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে।
সম্প্রতি শাহবাগ থানায় পুলিশের সামনে ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার তীব্র সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এই ন্যক্কারজনক ঘটনা প্রমাণ করে বাংলাদেশে কোনো সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন কিনা। জাতীয় যুবশক্তির ঘোষিত আংশিক কমিটিতে অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম সভাপতি, তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা সিনিয়র সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক, কাজী আয়েশা আহমেদ সিনিয়র সাধারণ সম্পাদক, রিফাত রশীদ সাংগঠনিক সম্পাদক এবং ইয়াসিন আরাফাত সিনিয়র সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও সারা দেশ থেকে আসা জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















