জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের রায় মেনে না নেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় বসে বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচিও ভুলে গেছে। শনিবার (২৫ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি প্রতিটি ক্ষেত্রেই পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। তিনি বলেন, বিএনপি হাজার চেষ্টা করলেও আওয়ামী লীগ হতে পারবে না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবে। আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে এবং বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, কিন্তু আজ তাদের কী অবস্থা। আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অমান্য করা হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াত সংসদে প্রথম দিন থেকেই দাবি তুলেছে এবং তারা শপথ নিয়েছে, কিন্তু প্রতিপক্ষ শপথ নেয়নি। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করে তারা প্রতারণা করেছে। এরপর জাতিকে প্রতারিত করার পর আলোচনার ব্যবস্থা করা হলেও তারা তার বিরোধিতা করেছে। যেসব আইন সংশোধন বা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শাসনের পরিবর্তন হবে না, সেগুলোর ব্যাপারে তারা নীরব।
জামায়াত আমির বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা পরিবর্তন চাই এমন এক বাংলাদেশে, যেখানে শিশু, কিশোর, যুবক-যুবতীরা এবং আমাদের মা-বোনেরা যখন ঘর থেকে বের হবে, তখন তাদের মনে কোনো ভয় থাকবে না, তারা নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দা-কুড়াল নয়, খাতা-কলম থাকুক। আমরা কোনোভাবে চাই না যে, আদুভাই বা দাদুভাইরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের পথ আটকাক।
রিপোর্টারের নাম 



















