জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারা দেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
এবছর বিশ্ববিদ্যালয়টির ৪ লক্ষ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৪ লক্ষ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর ফলে আসন প্রতি লড়বেন প্রায় ২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন। এর মধ্যে আবেদন নিশ্চয়ন করেছেন ৪ লক্ষ ৫৩ হাজার ১৪৮ জন। ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৪ লক্ষ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।
উপাচার্য জানান, এই পরীক্ষায় সারা দেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লক্ষ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর ২ লক্ষ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লক্ষ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লক্ষ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সারা দেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র রয়েছে।
এবারের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মানবিক ইউনিটের জন্য প্রশ্নপত্রের A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারিত হয়েছে।
রিপোর্টারের নাম 





















