যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের সুফল হিসেবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩.৭ মিলিয়ন ডলার (প্রায় ৪৩ কোটি টাকা) মূল্যের ডিজিটাল মুদ্রা শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই অর্থ ইতিমধ্যে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। সাইবার অপরাধ থেকে দুই দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে এই অভিযানকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এই বিশাল অংকের ডিজিটাল মুদ্রা পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তার পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন কোম্পানি ‘ওকেএক্স’ (OKX) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, দুই দেশের এই যৌথ প্রচেষ্টা ভবিষ্যতে সাইবার নিরাপত্তা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে আরও শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই সফল উদ্ধার অভিযান বাংলাদেশের ডিজিটাল অপরাধ তদন্তের সক্ষমতাকে বিশ্বদরবারে নতুন করে পরিচিত করে তুলল। এই সাফল্য সাইবার প্রতারকদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা প্রদানের পাশাপাশি সাধারণ নাগরিকদের মাঝে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিয়ে আস্থার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















